
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে সড়ক বিভাজকের মাঝখান থেকে সোনালু, জারুল, বকুল, পলাশসহ বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
স্থানীয়দের দাবি, মহাসড়কের পাশের একটি সিমেন্ট কোম্পানির বিলবোর্ড আরও স্পষ্ট ভাবে দৃশ্যমান করার উদ্দেশ্যেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, গত ২১ জুন রাত থেকে ২২ জুন সকালের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার এলাকায় মহাসড়কের বিভাজকে থাকা গাছ গুলো কেটে নেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার সময় বিপরীতমুখী যানবাহনের হেডলাইটের আলো যাতে চালকদের দৃষ্টিবিভ্রাট সৃষ্টি না করে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে বিভাজকে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। একই সঙ্গে মহাসড়কের সৌন্দর্যবর্ধনেও এসব গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। রোপণ করা গাছগুলোর মধ্যে ছিল হৈমন্তী, কুর্চি, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, কবরী, কেসিয়া ও জারুল।
সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী মোবারক হোসেন বলেন, “প্রতিদিনের মতো ২২ জুন সকালে বিভাজকের গাছগুলো অক্ষত অবস্থায় দেখেছিলাম। পরে উপ-সহকারী প্রকৌশলী পলাশ চাকমা ফোন করে জানান, চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর ইউনিয়নের শামুকসার এলাকায় মেসার্স শাহ নেওয়াজ ব্রিক ফিল্ডের পূর্ব পাশে মহাসড়কের বিভাজক থেকে গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে।”
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, “গাছ কাটার ঘটনায় একটি মামলা হয়েছে।
বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
সড়ক ও জনপথ বিভাগ, কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান গণমাধ্যমকে বলেন, “মহাসড়কের সৌন্দর্যবর্ধনের জন্য গাছগুলো লাগানো হয়েছিল। দুর্বৃত্তরা গাছগুলো কেটে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।”
উল্লেখ্য, স্থানীয়দের পক্ষ থেকে বিলবোর্ড দৃশ্যমান করার উদ্দেশ্যে গাছ কাটার অভিযোগ উঠলেও, এ দাবির পক্ষে এখনো কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। ফলে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি রয়েছে।