
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আত্মহত্যার খবর আমরা প্রায় প্রতিদিনই শুনি—কোথাও পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে, কেউ বিষ পান করেছেন, আবার কেউ উঁচু ভবন থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, প্রতিটি ঘটনাই কি সত্যিই আত্মহত্যা ? এমনকি হতে পারে না, কোনো কোনো ক্ষেত্রে হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে সাজানো হচ্ছে, আর তদন্ত প্রক্রিয়ায় সেই ভুল ধরা পড়ছে না ?
সাম্প্রতিক এক গবেষণায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে। শুরুর দিকের মামলার ময়না তদন্ত এবং বাদীর অভিযোগের ভিত্তিতে চার্জশিটে আত্মহত্যা বলা হয়। কিন্তু পিবিআই যখন মামলার তদন্ত করে, বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।
অনেক ক্ষেত্রেই শুরুর দিকের ময়না তদন্ত প্রতিবেদনের সঙ্গে পরবর্তীতে উঠে আসা তথ্যের মধ্যে অসামঞ্জস্য খুঁজে পায় পিবিআই।
এটি এক-দুইটি বিচ্ছিন্ন ঘটনা নয়; পিবিআইয়ের সাম্প্রতিক মামলা-পর্যালোচনামূলক গবেষণায় এমন অসংখ্য ঘটনার তথ্য উঠে এসেছে।
যেকোনো মামলা নথিভুক্তকরণ এবং চার্জশিট প্রণয়নের ক্ষেত্রে পুলিশের একাধিক ধাপ অতিক্রম করতে হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ময়না তদন্ত। মূলত ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই, পাশাপাশি বাদীর অভিযোগ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান বিবেচনায় নিয়ে মামলার চার্জশিট প্রস্তুত করা হয়।
একটি চার্জশিট এতগুলো ধাপ অতিক্রম করার পরও যদি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা সঠিক ভাবে নির্ধারণ না হয়, এবং পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তে উঠে আসে যে কথিত আত্মহত্যার ঘটনাগুলো আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, তাহলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে—প্রাথমিক চার্জশিট প্রণয়নের আগের ধাপগুলোতে কি গুরুতর ত্রুটি রয়েছে ?
এক্ষেত্রে প্রথমেই সামনে আসে ময়না তদন্তের বিষয়টি। পিবিআই কর্তৃক তদন্তকৃত একাধিক মামলায় দেখা গেছে, পূর্ববর্তী ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখিত মৃত্যুর কারণ পিবিআইয়ের অনুসন্ধানী ফলাফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এসব মামলায় প্রস্তুত ময়নাতদন্ত প্রতিবেদন বিচারিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
পিবিআইয়ের গবেষণা অনুযায়ী, সাধারণ ভাবে ময়না তদন্ত প্রতিবেদন দুর্বল হওয়ার পেছনে কয়েকটি কাঠামোগত ও প্রক্রিয়াগত কারণ রয়েছে।
প্রথমত, বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের জন্য ফরেনসিক মেডিসিনে বিশেষায়িত, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণের অভাব একটি বড় সমস্যা।
দ্বিতীয়ত, ফরেনসিক বিশেষজ্ঞের সংখ্যা কম থাকায় বিদ্যমান চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ পড়ে। স্বল্প সময়ে একাধিক ময়নাতদন্ত করতে গিয়ে অনেক সময় বিশ্লেষণী ত্রুটি দেখা দেয়।
তৃতীয়ত, আধুনিক যন্ত্রপাতি ও কার্যকর মর্চুয়ারি কুলার সিস্টেম না থাকায় মৃতদেহ দ্রুত পচন প্রক্রিয়ায় চলে যায়, ফলে গুরুত্বপূর্ণ ফরেনসিক তথ্য নির্ণয় কঠিন হয়ে পড়ে।
চতুর্থত, জটিল ও রহস্যজনক হত্যাকাণ্ডে প্রয়োজনীয় সময়ে বিশেষজ্ঞ বোর্ড গঠন করা সম্ভব হয় না, ফলে অনেক ক্ষেত্রে একক মতামতের ওপর নির্ভর করতে হয়।
ময়না তদন্তের ভিসেরা হলো মৃত মানুষের শরীরের ভেতরের অংশ যেমন পাকস্থলী, যকৃত, কিডনি বা অন্ত্র—যেগুলো পরীক্ষা করে মৃত্যুর কারণ নির্ণয় করা হয়। কিন্তু ভিসেরা পরীক্ষার নমুনা সংরক্ষণের যথাযথ সুবিধা না থাকায় অনেক সময় ফলাফল বিলম্বিত বা অস্পষ্ট হয়ে যায়।
প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের মর্গ ব্যবস্থায়ও রয়েছে বড় ধরনের সীমাবদ্ধতা। পর্যাপ্ত আলো, পানি, বিদ্যুৎ, কোল্ড স্টোরেজ, আধুনিক যন্ত্রপাতি এবং ফরেনসিক ল্যাবের অভাব তদন্তকে দুর্বল করে তোলে। অতিরিক্ত কর্মচাপ, জনবল সংকট এবং প্রশিক্ষণের অভাবও ময়না তদন্তের মানকে প্রভাবিত করে।
পিবিআইয়ের গবেষণায় আরও বলা হয়েছে, ফরেনসিক চিকিৎসকদের আদালতে সাক্ষ্য দিতে হওয়া এবং সীমিত পেশাগত সুযোগ-সুবিধার কারণে অনেকেই এই কাজে আগ্রহী হন না, যা দক্ষ জনবল সংকটকে আরও বাড়িয়ে দেয়।
এই পরিস্থিতিতে পিবিআই কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞ বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক মর্গ ও যন্ত্রপাতি স্থাপন, জটিল মামলায় বিশেষজ্ঞ বোর্ড গঠন, ভিসেরা সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং জেলা পর্যায়ে ফরেনসিক ল্যাব স্থাপন।
পিবিআইয়ের মতে, তদন্ত প্রক্রিয়ায় প্রাথমিক দুর্বলতা ও সমন্বয়হীনতার কারণে অনেক মামলায় প্রকৃত সত্য উন্মোচিত হতে দেরি হয়। তাই তাদের সুপারিশ গুলোকে শুধু গবেষণা নয়, বরং নীতিগতভাবে বাস্তবায়নের বিষয় হিসেবে দেখা উচিত।
প্রশিক্ষণ, জনবল, অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা গেলে ময়নাতদন্ত প্রক্রিয়ার নির্ভুলতা বাড়বে এবং ফৌজদারি বিচার ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।