
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নারী ও পুরুষ পদে নিয়োগ-২০২৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মো. হাবীবুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হয়।
দ্বিতীয় দিনের পরীক্ষায় প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করেন। এদিন পুরুষ প্রার্থীদের জন্য ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের জন্য ১ হাজার মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের পরীক্ষার প্রস্তুতি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আগামী ২৬ জুন সকাল ৮টায় অনুষ্ঠিতব্য মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার উপযোগী পোশাক পরে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, গোপালগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।