
মো: আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

খুলনা জেলার রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল সহ একজনকে আটক করেছে পুলিশ।
রূপসা থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে রূপসা থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় তিনি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, এক ব্যক্তি অস্ত্রসহ জয়পুর এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স এএসআই সোহেল রানা, পুলিশ সদস্য মারুফ হোসেন, মেহেদী হাসান, মোমিন শেখ ও জিয়াউলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, জয়পুর এলাকার রফিকুল ইসলামের বাড়ির সামনে উত্তর-দক্ষিণমুখী ইটের দেয়াল ঘেরা চৌচালা টিনের ঘরের সামনে থেকে সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার সদর থানার বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।
আটকের সময় তার কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি খালি ম্যাগাজিন সহ বিদেশি বাটযুক্ত ৭.৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই মশিউর রহমান বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় সুলতান মাহমুদ বাপ্পাকে আসামি করে রূপসা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-১১, তারিখ-২০ জুন ২০২৬।
পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রসহ আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।