
মো. আল মাসুম খান, চিফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীতে পবিত্র আশুরা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন, ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে পবিত্র আশুরা উপলক্ষ্যে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার)।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট। পবিত্র আশুরা উপলক্ষ্যে মহানগরীর গুরুত্বপূর্ণ স্থান সমূহে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ধর্মীয় অনুষ্ঠান ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দকে পুলিশের সঙ্গে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্র্যাফিক) শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, খালিশপুর বাজমে হুসাইনি মুহাররম কমিটির সভাপতি মো. কাওসার আলী, সাধারণ সম্পাদক মো. শাহাজাদ হোসেন টেক্কা সহ শিয়া সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, পবিত্র আশুরার ধর্মীয় গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শান্তিপূর্ণ পরিবেশে সকল ধর্মীয় কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আশুরা উপলক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করা হয়।