​র‌্যাব পরিচয়ে ডাকাতি: ২ ঘণ্টার মধ্যে ৫ ভুয়া সদস্য গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার।

মো.  আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

​র‌্যাব পরিচয়ে ডাকাতি: ২ ঘণ্টার মধ্যে ৫ ভুয়া সদস্য গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার।
ঢাকার আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার মাত্র দুই ঘণ্টার মধ্যে পাঁচজন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ভুয়া আইডি কার্ড, র‌্যাবের ভেস্ট, ক্যাপ ও খেলনা পিস্তলসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোঃ আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮), মোঃ সুমন (৩৬), মোঃ সারোয়ার হোসেন সাগর (৩৫), মোঃ সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫) এবং মোঃ কাঞ্চন (৩৫)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয় (মামলা নং-১১৮, ধারা: ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোড)। মামলা দায়েরের পর পরই আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযানে নামে ডিবি পুলিশ। গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, আসামিরা একটি টয়োটা মাইক্রোবাস যোগে সাভার থানাধীন আকরাইন বাজার মোড় থেকে খাগান বাজার এলাকার দিকে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি আকরাইন বাজার মোড় সংলগ্ন সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে অবস্থান নেয় এবং গাড়িটিকে থামানোর সংকেত দেয়।

​পরবর্তীতে গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৩টি ভুয়া র‌্যাব পরিচয়পত্র (আইডি কার্ড), ৫টি কালো রঙের র‌্যাব ভেস্ট (কটি), ৫টি কালো রঙের র‌্যাব ক্যাপ, ১টি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-চ-৫১-৮৬৮০) ও ৬টি নম্বর প্লেট, ১টি কালো রঙের ওয়াকিটকি সেট, ১টি কালো রঙের পিস্তলের কভার ও ১টি “MADE IN CHINA” লেখা খেলনা পিস্তল এবং ৩টি স্টিলের তৈরি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ ১৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয় এবং এই পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় রুজুকৃত মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।