রাশিয়ায় পাড়ি: ৩৫ লাখ টাকায় রুশ সেনাদের কাছে বিক্রি হচ্ছেন বাংলাদেশি যুবকেরা।

​মো: আল মাসুম খান,  চীফ ক্রাইম রিপোর্টার :

রাশিয়ায় পাড়ি: ৩৫ লাখ টাকায় রুশ সেনাদের কাছে বিক্রি হচ্ছেন বাংলাদেশি যুবকেরা।

পরিবারের মুখে হাসি ফোটাতে ও উন্নত জীবনের আশায় এক সময় স্বপ্নবাজ বাংলাদেশি তরুণদের গন্তব্য ছিল ইতালি বা ইউরোপের কোনো দেশ। তবে সম্প্রতি সেই তালিকায় যোগ হয়েছে রাশিয়া। কিন্তু ভালো বেতনে চাকরির প্রলোভনে পড়ে রাশিয়ায় গিয়ে চরম বিপাকে পড়েছেন গোপালগঞ্জের বেশ কয়েকজন যুবক। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী দালাল চক্র প্রায় ৩৫ লাখ টাকার চুক্তিতে বাংলাদেশি যুবকদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিচ্ছে এবং তাদেরকে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হচ্ছে।​
​গোপালগঞ্জ সদর উপজেলার ঘেষেরচর উত্তরপাড়া গ্রামের পলাশ নামের এক যুবক গত ৭ মে একটি এজেন্সি ও দাললের মাধ্যমে রাশিয়ায় যান। ছোটবেলায় মাকে হারানো পলাশ মানুষ হয়েছেন দাদা-দাদির কাছে। পরিবারের অভাব মেটাতে গিয়ে এখন তিনি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বন্দী।

​পলাশের পরিবার গণমাধ্যমকে জানায়, এক বছরের চুক্তিতে দালাল চক্র তাকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। শুধু পলাশই নন, একই জেলার শীতেরকুল গ্রামের রনি ফকির এবং বলাকইড় গ্রামের সৌরভ মোল্লা সহ প্রায় ৩০ জন বাংলাদেশি তরুণ একই পরিস্থিতির শিকার হয়েছেন।​
​এই খবর দেশে পৌঁছানোর পর থেকে ভুক্তভোগীদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের পুরনো ছবি বুকে জড়িয়ে কাঁদছেন মায়েরা।
​পলাশের এক নারী আত্মীয় গণমাধ্যমকে জানান,
​”ওরা বলতেছে যে আমাদের সবাইকে বসায় রাখছে, সবার চুল কেটে দিছে। একটা এগ্রিমেন্টে সাইন করাইছে, যেটা রাশিয়ান ভাষায় লেখা ছিল। সেখানে কী ছিল আমরা কেউ জানি না।”

​তিনি আরও জানান, শেষবার যখন পলাশ ফোন করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে এটিই হয়তো তার শেষ ফোন। তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে এবং তারা বেঁচে ফিরতে পারবেন কি না, তা নিয়ে চরম সংশয়ে আছেন।​আরেক স্বজন গণমাধ্যমকে জানান, দালালরা তাদের বলেছিল যে রোমে ভালো কাজ দেওয়া হবে, কিন্তু সেখানে নিয়ে গিয়ে বন্দুকের মুখে জোরপূর্বক চুক্তিনামায় স্বাক্ষর করানো হয়েছে।
​প্রশাসনের আশ্বাস ও আইনি পদক্ষেপ
​এই অমানবিক মানব পাচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ তারা পাননি। তবে অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন,
​”যদি আমাদের এখানে কোনো ষড়যন্ত্র বা পাচারের ঘটনা ঘটে থাকে, তবে আমরা অনুসন্ধান ও তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

​অন্যদিকে, ভুক্তভোগী যুবকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন ঘটনাটি অত্যন্ত মর্মন্তুদ। আমি জেলা প্রশাসকের (ডিসি) সাথে কথা বলব। জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যুবকদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সব ধরনের মানবিক ও মানসিক সাপোর্ট দেওয়া হবে।”

​উন্নত জীবনের আশায় বুক বেঁধে বিদেশ গিয়ে আজ যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতার মুখোমুখি বাংলার তরুণেরা। দ্রুত সরকারি উদ্যোগে তাদের অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনা হবে—এমনটাই এখন একমাত্র প্রত্যাশা অসহায় পরিবার গুলোর।