নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রী নিয়ে সংসার, আদালতের নির্দেশে কারাগারে সোবহান।

এস এম আজাহার হোসেন , জেলা ব্যুরো চিফ, মাদারীপুর :

নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রী নিয়ে সংসার, আদালতের নির্দেশে কারাগারে সোবহান

মাদারীপুরের রাজৈর উপজেলায় নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীকে নিয়ে বিবাহ ছাড়াই দীর্ঘদিন ধরে সংসার করার অভিযোগে সোবহান মোল্লা (৩২) নামে এক ব্যক্তিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) স্ত্রী লামিয়া আক্তারের দায়ের করা মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা মামলায় রাজৈর উপজেলার মাঝকান্দি গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে সোবহান মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযোগ রয়েছে, সোবহান মোল্লা দীর্ঘদিন ধরে সলেমান মোল্লার মেয়ে মিলি আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা বিবাহ ছাড়াই একসঙ্গে বসবাস শুরু করেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মিলি আক্তারের স্বামী অভিযোগ করে বলেন, “আমার স্ত্রী লোভের বশবর্তী হয়ে প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার ও ৪ লাখ টাকা নগদ নিয়ে সোবহানের সঙ্গে চলে গেছে। তারা বিয়ে ছাড়াই একসঙ্গে সংসার করছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এদিকে মামলার বাদী ও সোবহানের স্ত্রী লামিয়া আক্তার বলেন, “আমার স্বামী আমার সব টাকা-পয়সা শেষ করে দিয়েছে। পরে টাকার লোভে অন্যের স্ত্রীকে নিয়ে সংসার শুরু করে এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিলি আক্তারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোনটি এক পুরুষের কাছে দেন। পরে তাকে প্রশ্ন করা হলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা বাড়ছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার দাবি করেছেন।