
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবস্থার অপব্যবহার রোধ এবং এ–সংক্রান্ত অপরাধের দ্রুত ও নির্ভুল তদন্ত নিশ্চিত করতে খুলনায় পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেএমপি ও দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, (বিপিএম-সেবা)
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার প্রতিরোধে পুলিশ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করেছে। তবে প্রযুক্তিকে ব্যবহার করে অপরাধীরাও তাদের কৌশল পরিবর্তন করছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ ও অগ্রসর হতে হবে।
তিনি তদন্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এমএফএস–সংশ্লিষ্ট কোনো অপরাধের অভিযোগ পাওয়া মাত্র তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত প্রতিকার পান।
কেএমপি এর পুলিশ কমিশনার আরও বলেন, গ্রাহক পর্যায়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে পিন নম্বর, ওটিপি বা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার বিষয়ে নিয়মিত সচেতন করতে হবে। পাশাপাশি এমএফএস অপারেটরদের কঠোর নজরদারি নিশ্চিত করে সন্দেহজনক হিসাব বা লেনদেনসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশের কাছে সরবরাহের মাধ্যমে তদন্ত কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
কর্মশালার উদ্বোধন করেন ড. মো. নাজিবুর রহমান, এনডিসি, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ও উপদেষ্টা (এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স), বিকাশ লিমিটেড।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) এবং অতিরিক্ত দায়িত্বে ইএন্ডডি/এফঅ্যান্ডবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং বিকাশের প্রতিনিধিরা।