শিশুদের শরীরে ৯৬ শতাংশ অ্যান্টিবায়োটিক অকার্যকর, আতঙ্কে চিকিৎসকরা।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

শিশুদের শরীরে ৯৬ শতাংশ অ্যান্টিবায়োটিক অকার্যকর, আতঙ্কে চিকিৎসকরা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গবেষণায় উদ্বেগজনক তথ্য; প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিক ব্যর্থ, কার্যকর রয়েছে মাত্র দুটি ওষুধ
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানব জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি অ্যান্টিবায়োটিক। এক সময় যে ওষুধ কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, সেই অ্যান্টিবায়োটিকই এখন অনেক ক্ষেত্রে কার্যকারিতা হারাতে শুরু করেছে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশে শিশুদের শরীরে প্রথম সারির প্রায় সব অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র (পিআইসিইউ)-এ চলতি বছরের প্রথম চার মাসে পরিচালিত এক গবেষণায় এই ভয়াবহ চিত্র উঠে আসে। গবেষণার নেতৃত্ব দেন হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।
গবেষণায় চিকিৎসাধীন ৪৯ জন শিশুর শরীর থেকে জীবাণুর নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ফলাফলে দেখা যায়, শিশুদের শরীরে ব্যবহৃত প্রায় ৯৬ শতাংশ অ্যান্টিবায়োটিক আর কোনো কার্যকর ভূমিকা রাখছে না। গ্রাম-নেগেটিভ জীবাণুগুলো প্রথম সারির ছয়টি প্রধান অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেই শতভাগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে।
চিকিৎসকরা বলছেন, এক সময় যেসব ওষুধ সংক্রমণ প্রতিরোধে কার্যকর ছিল, সেগুলো এখন অনেক ক্ষেত্রে পানি বা চকের গুঁড়োর মতো কাজ করছে। অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে ওষুধ গুলো প্রায় কোনো প্রভাবই ফেলতে পারছে না।
গবেষণায় আরও দেখা গেছে, বর্তমানে কেবল টাইজেসাইক্লিন ও কলিস্টিন নামের দুটি অ্যান্টিবায়োটিক কার্যকর রয়েছে। তবে জীবাণুর দ্রুত অভিযোজন ক্ষমতার কারণে শেষ ভরসার ওষুধ কলিস্টিনও অচিরেই কার্যকারিতা হারাতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, বহুল ব্যবহৃত ইমিপেনেমের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধ ক্ষমতা ৯৬ দশমিক ৭ শতাংশ এবং মেরোপেনেমের ক্ষেত্রে ৯৬ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। লেভোফ্লক্সাসিনও ৮৪ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। এমনকি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক টেইকোপ্লানিনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে উঠতে শুরু করেছে।

ডা. আবু হেনা মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম সারির ছয়টি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে গড় রেজিস্ট্যান্সের হার ছিল ৮৩ দশমিক ৮ শতাংশ। কিন্তু এপ্রিল মাসে সেটি এক লাফে ১০০ শতাংশে পৌঁছে যায়। তাঁর ভাষায়, “এই পরিসংখ্যান হাসপাতাল জুড়ে বড় ধরনের বিপদের সংকেত দিচ্ছে।”

গবেষণায় আরও উঠে এসেছে, যেসব শিশু আগে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেছে তাদের মধ্যে বহু ঔষধ-প্রতিরোধী জীবাণু সংক্রমণের ঝুঁকি সাধারণ শিশুদের তুলনায় প্রায় সাত গুণ বেশি। ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ছে এবং রোগমুক্ত হতেও বেশি সময় লাগছে।

বিশেষজ্ঞরা জানান, আগে যে ধরনের সংক্রমণ ছয় দিনের মধ্যে নিয়ন্ত্রণে আনা যেত, এখন একই ধরনের সংক্রমণ সারাতে দ্বিগুণ সময় লাগছে। দীর্ঘ সময় ভেন্টিলেশনে থাকা এবং দীর্ঘদিন পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুদের মধ্যে ঝুঁকি আরও বেশি।

গবেষকদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার, সামান্য জ্বর-সর্দি-কাশিতেও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক সেবন এবং ওষুধের কোর্স অসম্পূর্ণ রেখে দেওয়ার প্রবণতাই এই সংকটের প্রধান কারণ। বছরের পর বছর ধরে চলা এই অনিয়ন্ত্রিত ব্যবহার জীবাণু গুলোকে আরও শক্তিশালী করে তুলছে এবং সৃষ্টি করছে ভয়ঙ্কর ‘সুপারবাগ’।

এই পরিস্থিতি মোকাবিলায় গবেষকরা জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছেন। এর মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা, হাসপাতাল গুলোতে সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা, হাত ধোয়া ও চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার নিয়ম কঠোরভাবে অনুসরণ করা, শেষ ধাপের অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং জাতীয় পর্যায়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স পর্যবেক্ষণের জন্য সমন্বিত তদারকি ব্যবস্থা চালু করা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গবেষণাটি একটি হাসপাতাল ও সীমিত সংখ্যক রোগীর ওপর পরিচালিত হলেও এর ফলাফল পুরো দেশের জন্য একটি গুরুতর সতর্কবার্তা। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে পড়তে পারে এবং শিশু স্বাস্থ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।