
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

নারী পুলিশ সদস্যদের দক্ষতা, নেতৃত্ব ও অংশ গ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী নেটওয়ার্কের ২০২৪-২০২৭ মেয়াদি কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টায় খুলনা মহানগর পুলিশের বয়রা পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ এ আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন খুলনা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শামিমা আক্তার।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, নারী পুলিশ সদস্যদের দক্ষতা, নেতৃত্ব ও অংশ গ্রহণ বৃদ্ধি একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত। তিনি কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্যদের জন্য প্রতিটি থানা ও কার্যালয়ে সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জেন্ডার বান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, নারী সদস্যদের আর্থিক ভাবে স্বাবলম্বী হয়ে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে কেএমপি বদ্ধপরিকর।
পুলিশ কমিশনার আরও বলেন, কেএমপির আওতাধীন ভিকটিম সাপোর্ট সেন্টার ও নারী সহায়তা ডেস্কের কার্যকারিতা বৃদ্ধি করে নারী ও শিশুদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ পুলিশ নারী নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হবে এবং খুলনা মহানগর পুলিশ একটি আদর্শ জেন্ডার বান্ধব ইউনিট হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।কর্মশালায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (প্রশাসন ও অর্থ) তোফায়েল আহাম্মেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরীন আই. খান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, উপ পুলিশ কমিশনার (পুলিশ অপারেশন ও ব্যবস্থাপনা, অতিরিক্ত দায়িত্বে প্রশিক্ষণ ও কল্যাণ) মেরিনা আক্তার, জাতিসংঘ নারী সংস্থার প্রতিনিধি শ্রাবণা দত্ত সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।কর্মশালায় ২০২৪-২০২৭ মেয়াদি কৌশলগত পরিকল্পনার লক্ষ্য, কর্মপদ্ধতি ও মাঠপর্যায়ে বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।