যুক্তরাজ্যে বসুন্ধরা পরিবারের ২৬ সম্পত্তি, মূল্য প্রায় এক হাজার কোটি টাকা।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

যুক্তরাজ্যে বসুন্ধরা পরিবারের ২৬ সম্পত্তি, মূল্য প্রায় এক হাজার কোটি টাকা।

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে প্রায় এক হাজার কোটি টাকা মূল্যের ২৬টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এসব সম্পত্তির অধিকাংশই লন্ডন ও তার আশপাশের অভিজাত এলাকায় অবস্থিত। অনুসন্ধানে উঠে এসেছে, সম্পত্তি গুলোর বড় অংশ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে, যা অর্থের উৎস নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ২০২১ সালে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় আলোচনায় আসেন। সে সময় বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করা হয়।

বাংলাদেশের আবাসন খাতে প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত বসুন্ধরা গ্রুপের ব্যবসা বর্তমানে আবাসন ছাড়িয়ে স্বর্ণ, কাগজ, সিমেন্ট, বিটুমিনসহ বিভিন্ন খাতে বিস্তৃত। তবে প্রতিষ্ঠানের মূল শক্তি এখনও রিয়েল এস্টেট ব্যবসা।

জমি দখল ও অর্থপাচার অভিযোগের তদন্ত
সরকার পরিবর্তনের পর বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে বসুন্ধরা গ্রুপের জমি অধিগ্রহণ, খাল ও জলাভূমি ভরাট এবং সরকারি সম্পত্তি দখলের অভিযোগ তদন্ত শুরু করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এ অনুসন্ধানের আওতায় অর্থপাচারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

যদিও প্রকাশ্যে এখন পর্যন্ত অর্থ পাচারের কোনো চূড়ান্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি, তবু অনুসন্ধানে যুক্তরাজ্যে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড বা প্রায় এক হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তির তথ্য সামনে এসেছে।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, এত বিপুল অঙ্কের অর্থ বিদেশে স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের কোনো রেকর্ড না থাকায় অর্থের উৎস ও স্থানান্তর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

লন্ডনের অভিজাত এলাকায় বিলাস বহুল সম্পত্তি
বসুন্ধরা পরিবারের সম্পত্তির মধ্যে সবচেয়ে মূল্যবান হিসেবে চিহ্নিত হয়েছে লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত ১৪ ওয়াইকম্ব স্কয়ার। প্রায় ১০ মিলিয়ন পাউন্ড মূল্যের এই ফ্রিহোল্ড সম্পত্তিটি ২০১৮ সালে একটি অফশোর কোম্পানির মাধ্যমে ক্রয় করা হয়। নথি অনুযায়ী, সম্পত্তিটির মালিক বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের সারের ভার্জিনিয়া ওয়াটারে অবস্থিত ওয়েন্টওয়ার্থ, ওয়েলিংটন অ্যাভিনিউ। প্রায় ৮ দশমিক ৩৪ মিলিয়ন পাউন্ড মূল্যের এই সম্পত্তি ২০২১ সালে অধিগ্রহণ করা হয়। এর সঙ্গে শাফিয়াত সোবহানের নাম যুক্ত রয়েছে।

এ ছাড়া লন্ডনের ওয়াটারফ্রন্ট ড্রাইভ এলাকায় অবস্থিত দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মূল্য যথাক্রমে ৬ দশমিক ২৩ মিলিয়ন এবং ৫ দশমিক ৬১ মিলিয়ন পাউন্ড। নথিপত্র অনুযায়ী, উভয় সম্পত্তিই অফশোর প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয় করা হয়েছে।
আরেকটি উল্লেখযোগ্য সম্পত্তি হলো লন্ডনের ৫৬ এনিসমোর গার্ডেনসের মারবোর্ন হাউস। প্রায় ৪ দশমিক ৯৫ মিলিয়ন পাউন্ড মূল্যের এই সম্পত্তি ২০০৫ সালে কেনা হয়। এর মালিকানা সংশ্লিষ্ট নথিতে বসুন্ধরা পরিবারের সদস্যদের নাম পাওয়া যায়।

অনুসন্ধানে আরও জানা গেছে, গত দেড় দশকে পরিবারের বিভিন্ন সদস্য ৮ কোটি থেকে ৫০ কোটি টাকার মধ্যে মূল্যের আরও ২১টি আবাসিক সম্পত্তি যুক্তরাজ্যে ক্রয় করেছেন।
বিদেশে অর্থ স্থানান্তর নিয়ে প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রের দাবি, সংশ্লিষ্ট সময়ে বসুন্ধরা গ্রুপ বা পরিবারের সদস্যদের নামে বিদেশে বড় অঙ্কের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।

এদিকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে সিআইডির এক কর্মকর্তার বরাতে দাবি করা হয়, বসুন্ধরা গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করেছে এবং সম্পদের মূল্যায়নে অসঙ্গতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিদেশে অর্থ পাচারের সন্দেহও তদন্তাধীন রয়েছে বলে উল্লেখ করা হয়।

বিদেশি নাগরিকত্ব অর্জনের তথ্য, সম্পত্তি ক্রয় সংক্রান্ত বিভিন্ন নথিতে বসুন্ধরা পরিবারের কয়েকজন সদস্যের বিদেশি নাগরিকত্বের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেউ সাইপ্রাস, কেউ সেন্ট কিটসের নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন।
অনুসন্ধানে আরও জানা যায়, সায়েম সোবহান আনভীর ও পরিবারের অন্য সদস্যদের বিদেশি বিনিয়োগ ও নাগরিকত্ব অর্জনের বিষয়ে বিভিন্ন তথ্য আন্তর্জাতিক নথিপত্রে উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগে বাংলাদেশ থেকে অর্থ পাঠানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন। অনুমোদন ছাড়া এ ধরনের লেনদেন বৈধ নয়।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থার নজরে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যুক্তরাজ্য শাখার একটি অভ্যন্তরীণ নথিতে বসুন্ধরা পরিবারের যুক্তরাজ্য ভিত্তিক সম্পত্তি গুলোর অর্থায়নের উৎস নিয়ে অনুসন্ধানের কথা উল্লেখ করা হয়েছে।
নথি অনুযায়ী, প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড মূল্যের ২৬টি সম্পত্তি শনাক্ত করা হয়েছে, যেগুলোর অধিকাংশ অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, সম্পত্তিগুলোর প্রকৃত অর্থের উৎস যাচাই প্রয়োজন।

একই নথিতে উল্লেখ করা হয়েছে, কয়েকটি সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ব্যবহার করা হয়েছে এবং এসব লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রতিক্রিয়া পাওয়া যায়নি
অভিযোগ ও অনুসন্ধান সংক্রান্ত বিষয়ে বক্তব্য জানতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ পরিবারের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বিদেশে সম্পদ অর্জন, অফশোর কোম্পানির ব্যবহার এবং অর্থের উৎসের বিষয়গুলো নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।