
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশ কি ধীরে ধীরে আন্তর্জাতিক অপরাধ চক্রের নতুন নিরাপদ ঘাঁটিতে পরিণত হচ্ছে ? সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই প্রশ্নই নতুন করে সামনে আনছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান এবং গুরুতর অপরাধে তাদের সম্পৃক্ততার অভিযোগ বাড়িয়েছে উদ্বেগ। বিশেষ করে গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চীনা নাগরিক থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১০ হাজারের বেশি চীনা নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে অনেকের বৈধ বসবাসের অনুমোদন নেই বলেও অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক বছর গুলোতে সাইবার প্রতারণা, অনলাইন জুয়া, অর্থপাচার, জাল টাকা তৈরি, চোরাচালান, অবৈধ ভিওআইপি ব্যবসা এবং আন্তর্জাতিক মাদক পাচারের মতো গুরুতর অপরাধে জড়িত একাধিক চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এসব চক্রের সঙ্গে কিছু চীনা নাগরিকের সরাসরি সম্পৃক্ততার প্রমাণও মিলেছে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশি কিশোরী ও তরুণীদের প্রলোভনে ফেলে বিয়ের অভিযোগও বাড়ছে। অনুসন্ধান সংশ্লিষ্টদের মতে, বিষয়টি এখন সামাজিক ও নিরাপত্তাগত দৃষ্টিকোণ থেকেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে রাজধানীর উত্তরা, বনানী ও বসুন্ধরার মতো অভিজাত এলাকা গুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন গোপন নেটওয়ার্ক। অ্যাপার্টমেন্ট ও ভাড়া বাসাকে আড়াল হিসেবে ব্যবহার করে পরিচালিত হচ্ছে নানা অবৈধ কর্মকাণ্ড। সংশ্লিষ্টদের ধারণা, এসব কার্যক্রমের অনেকটাই দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরের বাইরে ছিল।
আমার অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকটি বড় দুর্বলতার কারণেই বিদেশি অপরাধ চক্র বাংলাদেশকে সম্ভাব্য নিরাপদ অপারেশন জোন হিসেবে ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে দুর্বল সাইবার নজরদারি, ভিসা ব্যবস্থার ফাঁকফোকর, স্থানীয় সহযোগী চক্রের উপস্থিতি, সীমিত প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক সমন্বয়ের ঘাটতি। প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে এখনও বাংলাদেশের সক্ষমতা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে সংশ্লিষ্টদের ধারণা। ফলে আন্তর্জাতিক চক্রগুলো সহজেই স্থানীয় নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিছু চীনা নাগরিকের বিরুদ্ধে বাংলাদেশি কিশোরী শিক্ষার্থীদের ফেসবুক কেন্দ্রিক পরিচয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে পরবর্তীতে বিয়ের অভিযোগও উঠছে। সংশ্লিষ্টরা বিষয়টিকে ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন।
সম্প্রতি খাগড়াছড়ির রামগড়ে অনুমতি ছাড়া দুই চীনা নাগরিকের অবস্থানের ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের দাবি, তারা সন্দেহজনক প্রযুক্তি সরঞ্জাম নিয়ে পার্বত্য এলাকায় ঘোরাফেরা করছিলেন। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও বাড়ছে সতর্কতা।
সংশ্লিষ্টদের মতে, এখনই কঠোর নজরদারি, আধুনিক সাইবার মনিটরিং ব্যবস্থা, ভিসা যাচাই প্রক্রিয়া জোরদার এবং আন্তর্জাতিক গোয়েন্দা সমন্বয় বৃদ্ধি না করা হলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বড় ধরনের আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্কের ঝুঁকিতে পড়তে পারে।