গোপালগঞ্জে প্রেমিককে ডেকে এনে মারধর, মাদ্রাসায় আটকে রাখার অভিযোগ।

আবিদুর রহমান নাহিয়ান, ক্রাইম নিউজ, প্রতিবেদক :

গোপালগঞ্জে প্রেমিককে ডেকে এনে মারধর, মাদ্রাসায় আটকে রাখার অভিযোগ।
গোপালগঞ্জে প্রেমিককে ডেকে এনে মারধর, মাদ্রাসায় আটকে রাখার অভিযোগ।

গোপালগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর ডাকে প্রেমিক বাড়িতে আসার পর তাকে ও তার দুই সহযোগীকে মারধর করে একটি মাদ্রাসায় আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে তরিকুল ইসলামের সঙ্গে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বিল্লাল হোসেনের মেয়ে ও বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামের রশীদ ইবরাহীমের স্ত্রী ফাতেমা বেগমের দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়।
অভিযোগ রয়েছে, ঈদের দিন সকালে ফাতেমা বেগম তরিকুল ইসলামকে ফোন করে তাকে স্বামীর বাড়ি থেকে নিয়ে যেতে বলেন। সেই সূত্র ধরে শুক্রবার সকাল ৭টার দিকে তরিকুল ইসলাম তার বন্ধু একই এলাকার শাহীন শেখ ও যশোর জেলার মনিরামপুর উপজেলার অপু কুন্ডুকে সঙ্গে নিয়ে মাঝিগাতী গ্রামে আসেন।
এসময় ফাতেমার স্বামী রশীদ ইবরাহীম স্থানীয় লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে তাদের ভবানীপুর মাদ্রাসার একটি কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখা হয়।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ মাদ্রাসার তালাবদ্ধ কক্ষ থেকে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে আসে।
তরিকুল ইসলাম জানান, “ফাতেমার সঙ্গে আমার প্রায় চার বছরের সম্পর্ক। সে আমাকে ফোন করে আসতে বলেছিল। আমরা তাকে নিতে গেলে আমাদের মারধর করে আটকে রাখা হয়।”
ফাতেমা বেগমও দাবি করেন, তিনি নিজেই তরিকুল ইসলামকে ফোন করে আসতে বলেছিলেন। পরে তার স্বামী ও স্থানীয় লোকজন তাদের মারধর করে মাদ্রাসায় আটকে রাখে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।