
মো. আল মাসুম খান,চিফ ক্রাইম রিপোর্টার :

খুলনা ওয়াসা (কে ওয়াসা)-এর একটি মেগা প্রকল্পের পরিচালক (পিডি) পদ বাগিয়ে নিতে এবং নিজের দাপ্তরিক ক্ষমতা টিকিয়ে রাখতে প্রায় ৯৪ কোটি টাকার ‘গোপন আর্থিক লেনদেন’-এর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। খুলনা ওয়াসার বর্তমান নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের সই করা কোটি কোটি টাকার চারটি চেকের পাতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সচেতন মহলে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়।
সর্বশেষ প্রাপ্ত অনুসন্ধানী তথ্যে জানা গেছে, এই বড়ো অঙ্কের আর্থিক চুক্তির নেপথ্যে সদ্য গঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’-এর কেন্দ্রীয় কমিটির একজন শীর্ষ নারী নেত্রী সরাসরি যুক্ত ছিলেন, যিনি সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
৯৪ কোটির চেক ও ‘বুঝে পেলাম’ স্বাক্ষর।
অনুসন্ধানে দেখা গেছে, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, খুলনা শাখার নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলামের ব্যক্তিগত চলতি হিসাব (নম্বর- ০০১২১০০০১৭৮৫৯) থেকে মোট ৯৪ কোটি টাকার চারটি চেক ইস্যু করা হয়। এর মধ্যে দুটি চেকের মূল্য ২৪ কোটি টাকা করে মোট ৪৮ কোটি এবং অন্য দুটি ২৩ কোটি টাকা করে মোট ৪৬ কোটি টাকা।
সব চেয়ে বিস্ময়কর বিষয় হলো, চেক গুলোর টাকার অঙ্ক ও অ্যাকাউন্টধারীর মূল স্বাক্ষর থাকলেও কোনো চেকেই তারিখ উল্লেখ ছিল না। ছড়িয়ে পড়া চেকের পাতার ছবি বিশ্লেষণে দেখা যায়, ২৩ কোটি টাকার দুটি চেকের (চেক নম্বর যথাক্রমে ২৭৫৩৩৩৭ ও ২৭৫৩৩৩৮) একদম নিচের অংশে হাতে লিখে “বুঝে পেলাম, Md. Nahidul Islam” লিখে সই করা রয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, এই মো. নাহিদুল ইসলাম নামের ব্যক্তিটিই পুরো প্রক্রিয়ার অন্যতম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। তবে অন্য ২৪ কোটি টাকার চেকে (চেক নম্বর ২৭৫৩৩৩৫) নিচে কোনো প্রাপ্তি স্বীকারের স্বাক্ষর দেখা যায়নি।
খুলনা ওয়াসা সংশ্লিষ্ট একাধিক সুনির্দিষ্ট সূত্রের দাবি, সকল সময়ে সুবিধা ভোগী ও প্রকৌশলী সংগঠনের নেতা হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম ছাত্র-জনতার আন্দোলনের পর নিজের অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে ওঠেন।
খুলনা ওয়াসার ২ হাজার ৫৯৮ কোটি টাকার মেগা প্রকল্প ‘ফেজ-২’-এর প্রকল্প পরিচালকের (পিডি) লোভনীয় পদটি বাগিয়ে নিতে তিনি রাজনৈতিক মহলের নাম ভাঙানো কিছু নেতার শরণাপন্ন হন।
অনুসন্ধানে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আকস্মিক ভাবে ওয়াসা পরিচালনা পরিষদের ছাত্র প্রতিনিধি ইব্রাহিম খলিলের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় কমিটির ওই শীর্ষ নারী নেত্রী (যিনি বর্তমানে সংরক্ষিত আসনের এমপি) বেশ কয়েকজন সহযোগীসহ খুলনা ওয়াসা ভবনে সশরীরে হাজির হন। তারা সেখানে নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামকে পিডি পদে নিয়োগ দেওয়ার জন্য এক ধরনের চাপ বা ‘মব’ সৃষ্টি করেন।
এই প্রভাবশালী, তদবির ও রাজনৈতিক চাপের পর দিনই বিতর্কিত এই প্রকৌশলীকে তড়িঘড়ি করে ফেজ-২ প্রকল্পের পিডির রুটিন দায়িত্ব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করানো হয়। বড়ো অঙ্কের তদবিরের অংশ হিসেবেই ওই মহলের হয়ে মধ্যস্থতাকারী নাহিদুল ইসলামের জিম্মায় এই ৯৪ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে, দুর্নীতির অতীত রেকর্ড এবং খুলনার নাগরিক সমাজের তীব্র প্রতিবাদের মুখে সম্প্রতি রেজাউল ইসলামকে ওই পদ থেকে অব্যাহতি দেয় ওয়াসা কর্তৃপক্ষ। পদ হারানোর পরপরই এই চাঞ্চল্যকর চেকের ছবিগুলো জনসমক্ষে আসে।
এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম গণমাধ্যমের কাছে দাবি করেন, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া চেকের পাতার এসব ফটোকপির কোনো আইনি মূল্য নেই। এটি আমার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত চক্রান্ত।
তবে তার সই করা ব্যক্তিগত অ্যাকাউন্টের চেক কীভাবে এবং কেন অন্য ব্যক্তির হাতে ‘প্রাপ্তি স্বীকারোক্তি’সহ গেল, কিংবা ওয়াসা ভবনের সেই বিশেষ বৈঠক নিয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
অন্যদিকে, চেকের নিচে বুঝে পেলাম, স্বাক্ষরকারী মো. নাহিদুল ইসলাম এবং এনসিপির সংশ্লিষ্ট নারী সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপি-এর একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাহিদুল ইসলামকে আগেই স্থানীয় কমিটি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
খুলনার সুশীল সমাজ ও সচেতন নাগরিকেরা মনে করছেন, একজন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় শতকোটি টাকার চেক লেনদেন এবং এর সঙ্গে একজন বর্তমান সংসদ সদস্যের নাম জড়িয়ে যাওয়ার ঘটনাটি স্পষ্টতই বড়ো ধরনের রাষ্ট্রীয় দুর্নীতি ও কালো টাকার লেনদেনের ইঙ্গিত দেয়।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠেছে। খুলনা ওয়াসা ও স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই রহস্যময় চেকের পেছনের অবৈধ চুক্তি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের চেষ্টার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।