
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বিজ্ঞান শিক্ষার প্রসার, সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করতে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন আজ (শুক্রবার) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবন যাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
শিশু-কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞান মনস্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ মাদকাসক্ত ও বিকলাঙ্গ চিন্তা ধারার জাতি কখনো স্মার্ট ও উন্নত দেশ গঠন করতে পারে না।
তিনি বলেন, বর্তমান সরকার একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে নাগরিকরা শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ মেলায় খুলনা বিভাগের ১০টি জেলার ৬০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া প্র্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।