
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সকাল ৯টা ৩০ মিনিটে নগরীর বয়রা পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। পরে লাউঞ্জ-২-এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। কল্যাণ সভার শুরুতে পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ প্রাপ্ত কেএমপির চারজন সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় কেএমপি কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত দায়িত্বে ডিবি ডিসি, লবণচরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সিডিএমএস শাখার এক কনস্টেবলকে এ ব্যাজ অর্জনের জন্য অভিনন্দন জানান।
সভায় পূর্ববর্তী কল্যাণ সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করা হলে কমিশনার তা মনোযোগ সহকারে শোনেন এবং মৌলিক চাহিদা অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫ সালে মৃত্যুবরণকারী দুই পুলিশ সদস্যের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) প্রদত্ত নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী দেওয়া হয়। এপ্রিল ২০২৬ মাসে খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক ভূমিকা রাখায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
দুপুর ১১টায় লাউঞ্জ-২-এ অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার) এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
সভায় খুলনা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক ও প্রটোকল)সহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।