
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও আশপাশ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে প্রস্তাবিত পুলিশ ফাঁড়ির ভিত্তি প্রস্তর স্থাপন ও পুলিশি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় কুয়েট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প স্থাপনের ফলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে। একই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।