খুলনা মহানগরীর ১৮৪ সিসি ক্যামেরার অধিকাংশই অকেজো।

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর ১৮৪ সিসি ক্যামেরার অধিকাংশই অকেজো।
খুলনা মহানগরীর ১৮৪ সিসি ক্যামেরার অধিকাংশই অকেজো।

অরক্ষিত নগর জীবন, প্রযুক্তিগত বৈষম্যে বাড়ছে অপরাধের ঝুঁকি। রাজধানী ঢাকায় এআই প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও বিভাগীয় শহর খুলনায় ভেঙে পড়েছে ডিজিটাল নজরদারি কাঠামো। ফলে খুন, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়লেও কার্যকর তদন্তে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। বিশেষজ্ঞদের মতে, শুধু ঢাকা কেন্দ্রিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। দেশের প্রতিটি মহানগর ও জেলায় আধুনিক এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
খুলনা মহানগরীতে বিভিন্ন সময়ে স্থাপন করা ১৮৪টি সিসি ক্যামেরার মধ্যে অধিকাংশই বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থাপিত ক্যামেরা গুলোর প্রায় তিন-চতুর্থাংশই অকার্যকর। কোথাও সংযোগ বিচ্ছিন্ন, কোথাও সার্ভার জটিলতা, আবার অনেক ক্যামেরা দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে রয়েছে। ফলে খুলনা মহানগরজুড়ে ডিজিটাল নজরদারি ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৪ সালে নগরীর ১২টি গুরুত্বপূর্ণ মোড়ে প্রথম ধাপে ৮৮টি সিসি ক্যামেরা বসানো হয়। পরে ২০২০-২১ অর্থ বছরে আরও ৯৬টি ক্যামেরা স্থাপন করা হয়। দুই ধাপে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের বড়ো অংশই এখন কার্যকারিতা হারিয়েছে
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম চার মাসেই মহানগরীতে ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে চুরির মামলা হয়েছে ৫৭টি। এছাড়া ছিনতাই ও দস্যুতার ঘটনাও বেড়েছে। কিন্তু অধিকাংশ সরকারি ক্যামেরা অকার্যকর থাকায় অপরাধ তদন্তে কাঙ্ক্ষিত সহায়তা পাওয়া যাচ্ছে না।
কেএমপির অপরাধ শাখার সহকারী কমিশনার গোলাম মহম্মদ বলেন, বর্তমানে অপরাধীরা অনেক বেশি কৌশলী। সিসি ক্যামেরা সচল না থাকলে অপরাধীর গতিবিধি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আধুনিক নগর ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি ছাড়া কার্যকর অপরাধ দমন সম্ভব নয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, অনেক ঘটনায় সরকারি ক্যামেরার ফুটেজ না পেয়ে তদন্ত কর্মকর্তাদের ব্যক্তি, মালিকানাধীন ভবন, ব্যাবসা প্রতিষ্ঠান কিংবা বাসা বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে হচ্ছে। এতে তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে অপরাধীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান সাংবাদিকদের বলেন, রক্ষণাবেক্ষণের অভাব ও প্রযুক্তিগত ত্রুটির কারণে অধিকাংশ ক্যামেরা অকার্যকর হয়ে পড়েছে। এসব ক্যামেরা পুনরায় সচল করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে প্রযুক্তি গত উন্নয়নের ক্ষেত্রে ঢাকা ও খুলনার মধ্যে বড়ো ধরনের বৈষম্যের চিত্রও সামনে এসেছে। রাজধানী ঢাকায় ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় এআই প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা, অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন (ANPR) ও ডিজিটাল ট্র্যাফিক মনিটরিং চালু হলেও খুলনায় এখনো সাধারণ সিসি ক্যামেরাই সচল রাখা যাচ্ছে না।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজধানী কেন্দ্রিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থায় অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংঘবদ্ধ অপরাধীরা ঢাকায় এসে অপরাধ সংঘটিত করছে। আবার অনেক ভাসমান অপরাধী রাতে রাজধানীতে অবস্থান নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই শুধু ঢাকা নয়, দেশের প্রতিটি মহানগর ও জেলা শহরে সমন্বিত এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
নগরবাসীর অভিযোগ, জনগণের করের টাকায় কেনা নিরাপত্তা সরঞ্জাম গুলো রক্ষণাবেক্ষণের অভাবে বছরের পর বছর অচল পড়ে থাকলেও এ বিষয়ে কার্যকর জবাবদিহিতা নেই।
খুলনার নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বলছেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বিভাগীয়, শহর ও জেলা পর্যায়েও প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্প গুলোর রক্ষণাবেক্ষণে অবহেলার বিষয়েও তদন্ত হওয়া দরকার।
খুলনাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে অকার্যকর ক্যামেরা গুলো সংস্কার করে আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হোক। পাশাপাশি বিভাগীয় শহর গুলোতেও এআই প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।