
মো: আল মাসুম খান. চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা জেলা স্টেডিয়ামে এক প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
জমজমাট ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
১৫ মে (শুক্রবার) খুলনা প্রেস ক্লাবের নব-নির্বাচিত সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা), খুলনার পুলিশ সুপার (এসপি)মোহাম্মদ তাজুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)।খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এবং রানার্সআপ দল মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী পর্বে অতিথি বৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি পেশাগত ব্যস্ততার ক্লান্তি দূর করতে এমন ক্রীড়া আয়োজন সত্যি প্রশংসনীয়। মাঠে সাংবাদিকদের চমৎকার নৈপুণ্য ও খেলোয়াড় সুলভ আচরণ সবাইকে মুগ্ধ করেছে। সুন্দর ও উৎসব মুখর খেলা উপহার দেওয়ার জন্য তাঁরা বিজয়ী এবং রানার্সআপ উভয় দলকেই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সাথে সুস্থ দেহ ও সতেজ মনের জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার ওপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।
খুলনার গণমাধ্যম কর্মীদের এই মিলন মেলা ও প্রীতি ম্যাচটি উপভোগ করতে জেলা স্টেডিয়ামে বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি বৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। পুরো আয়োজন টি রূপ নিয়েছিল এক আনন্দঘন উৎসবে।