
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ন্যায় কুঞ্জ এখন বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে সেখানে বিচার প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাও ঘটছে বলে দাবি করা হচ্ছে। এতে আদালতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খুলনা আদালত চত্বরে ন্যায় কুঞ্জের উদ্বোধন করেন। এ স্থাপনার মূল উদ্দেশ্য ছিল বিচার প্রার্থীদের জন্য বসার জায়গা, সুপেয় পানি, শৌচাগার এবং শিশুদের দুগ্ধপানের ব্যবস্থা নিশ্চিত করা।
তবে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। অভিযোগ রয়েছে, এখানে খাবার বা কিছু না কিনে বসতে গেলে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়। ফলে দূর-দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।
নাম প্রকাশ না করার শর্তে আইনজীবীরা বলেন, আইনজীবী সমিতির পেছনে থাকা চা-বিক্রেতা রাজীবকে ন্যায় কুঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে। কীভাবে তিনি এই দায়িত্ব পেলেন তা স্পষ্ট নয়। তিনি আরও বলেন, এখানে চা ও বেকারি পণ্য বিক্রি করা হয় এবং অনেক সময় বিচার প্রার্থীদের বসতে দেওয়া হয় না।
চায়ের দোকানি রাজীব জানান, তিনি আগে সমিতির পেছনে দোকান চালাতেন। পরে আদালতের সংশ্লিষ্টদের মাধ্যমে তিনি এখানে দায়িত্ব পান। তার দাবি, ন্যায়কুঞ্জের দেখভাল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব তার ওপর রয়েছে। মাসিক ভাড়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো ভাড়া দিতে হয় না।
অন্যদিকে অভিযোগের বিষয়ে আদালতের নাজির মো. জাকারিয়া শেখ বলেন, ন্যায় কুঞ্জ তার নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী ব্যবহৃত হচ্ছে। বিচার প্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি বলেও তিনি জানান।
সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ল্যান্ড সার্ভেয়ার আদালতের পেশকার আবু সাইদ সেতু জানান, সূত্র থেকে জানা গেছে, সরকারি চালানের মাধ্যমে বছরে ৬ হাজার টাকায় চায়ের দোকানি রাজীবকে ন্যায় কুঞ্জ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ন্যায়কুঞ্জের প্রকৃত ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ে খুলনা জেলা দায়রা জজ আদালত চত্বরে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।