আমার স্বামীর সঙ্গে কী ঘটেছিল, একটিবার জানতে চাই— কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা

মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

আমার স্বামীর সঙ্গে কী ঘটেছিল, একটিবার জানতে চাই— কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা।
আমার স্বামীর সঙ্গে কী ঘটেছিল, একটিবার জানতে চাই— কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা।

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)-এর রহস্যজনক হত্যাকাণ্ড ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্নে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ ঘটনায় ইতোমধ্যে ৫ সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনো পরিষ্কার হয়নি হত্যার প্রকৃত কারণ। নিহতের পরিবারের একটাই দাবি— “আসলে কী ঘটেছিল, তার উত্তর। র‍্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, শনিবার রাত থেকে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, পুলিশের একাধিক টিমও সমন্বিতভাবে তদন্ত চালাচ্ছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একটি হত্যা মামলা হয়েছে, দ্রুত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।
কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন বুলেট বৈরাগী। রবিবার সকালে সেখানে গিয়ে দেখা যায়, শোকস্তব্ধ পরিবেশ। মায়ের কোলে এক বছর বয়সি শিশু অব্যয় বৈরাগী, পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন স্ত্রী উর্মি হীরা। স্বজনেরা মরদেহ গ্রামের বাড়ি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্ত্রী উর্মি হীরা কাঁদতে কাঁদতে বলেন, অন্য কিছু জানতে চাই না আমার একটাই প্রশ্ন— আমার স্বামীর সঙ্গে কী ঘটেছিল? একটিবার জানতে চাই।
মা নীলিমা বৈরাগী বলেন, অনেক কষ্টে ছেলেটাকে মানুষ করেছি। রাত ২টা ১০ মিনিটে শেষ কথা হয়। পরে আরেকজন ফোন রিসিভ করে অন্যভাবে কথা বলে। তখনই বুঝেছিলাম কিছু একটা হয়েছে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে— আমি বিচার চাই।
চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন বুলেট বৈরাগী। পথে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সবশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি কুমিল্লা শহরের কাছাকাছি পৌঁছানোর কথা জানান। কিন্তু এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোনও উদ্ধার হয়নি।
বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবির বাজার স্থল বন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
২০২২ সালের ২২ এপ্রিল উর্মি হীরার সঙ্গে তার বিয়ে হয়। তাদের একমাত্র ছেলে অব্যয় বৈরাগীর বয়স ২৭ এপ্রিল এক বছর পূর্ণ হয়েছে। সন্তানের জন্মদিন ও বিবাহ বার্ষিকী উদ্‌যাপন করতেই তিনি সেদিন রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ঘটনার পর নিহতের মা নীলিমা বৈরাগী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং শিগ্‌গিরই বিস্তারিত জানা যাবে।
ময়নাতদন্ত শেষে বুলেটের মরদেহ কুমিল্লা নগরের কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট কার্যালয়ে নেওয়া হলে সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ নেওয়া হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে, যেখানে তাকে সমাহিত করা হবে। গ্রামের বাড়িতে এখন শুধু কান্না আর শোকের ছায়া। চাচা বিমল বৈরাগী বলেন,
জীবনে কাউকে কষ্ট দেয়নি। সেই ছেলেটার লাশ আজ রাস্তার পাশে পড়ে থাকতে হলো আমাদের সব শেষ।তদন্ত চলছে। কিন্তু পরিবার, স্বজন আর সহকর্মীদের একটাই প্রশ্ন—বুলেট বৈরাগীর সঙ্গে আসলে কি ঘটেছিল