
গোবিপ্রবি প্রতিনিধি :

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থী প্রতীক চক্রবর্তী কে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থী শ্রাবণ আহমেদের বিরুদ্ধে।
জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) ক্লাস শেষে পূর্বপরিকল্পিতভাবে বিজিই বিভাগের ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের ডেকে নিয়ে এসিসিই বিভাগের একই সেশনের শিক্ষার্থীরা অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, শ্রাবণ আহমেদ ও সাব্বিরের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়।
এ ঘটনায় প্রতীক চক্রবর্তীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের মধ্যে প্রতীক চক্রবর্তীকে গুরুতর অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে এ ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে কুমিল্লা জেলা ছাত্রসংগঠন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত আছি। ভুক্তভোগী প্রতীক চক্রবর্তী একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার করা হবে।
এ ঘটনায় বিচারের জন্য ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেখানে প্রক্টরিয়াল বডিসহ উভয় বিভাগের সভাপতিবৃন্দ আছেন।