
মাল্টিমিডিয়া প্রতিবেদক, তাইব তালুকদার :

দেশজুড়ে এসএসসি পরীক্ষা চলাকালীন গোপালগঞ্জে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে পড়েছেন হাজার হাজার পরীক্ষার্থী। গত কয়েকদিন ধরে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা বিদ্যুৎ বিভ্রাটের কারণে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যা পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতিতে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে।
গোপালগঞ্জ সদর পৌরসভা সহ টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার গ্রামগুলোতে দিনে ও রাতে গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। বিশেষ করে মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত, যখন পরীক্ষার্থীরা পড়ার টেবিলে বেশি সময় দেয়, সেই সময়েই বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় চার্জার লাইট বা ফ্যানও অকেজো হয়ে পড়ছে। ফলে মোমবাতি অথবা হারিকেন দিয়ে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের। এপ্রিলে প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় ঘামতে ঘামতে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী। অনেক সময় মাঝ রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুমের ব্যাঘাত ঘটছে। ফলে পর্যাপ্ত ঘুমের অভাবে পরীক্ষার হলে তারা শারীরিক দুর্বলতা অনুভব করছে। এসএসসি পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গোপালগঞ্জের পরীক্ষার্থীদের এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।