
রাশেদ আহমেদ ফাহিম, স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জের কিছু স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যে প্রধান সড়ক থেকে কাঁচা বাজারে প্রবেশ পথে বসিয়েছে মাছের বাজার। এতে নষ্ট হচ্ছে বাজারের পরিবেশ, সেই সাথে ভোগান্তিতে পড়ছে বাজারে আসা ক্রেতারা ও এলাকাবাসী।
অভিযোগের সূত্রে ক্রাইম নিউজের একটি দল ছায়া তদন্তে গিয়ে দেখতে পান, প্রধান সড়ক থেকে কাঁচা বাজারে প্রবেশ করার মূল সড়ক দখল করে প্রতিদিন বসছে মাছের অস্থায়ী বাজার, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারী, এলাকাবাসী ও যানবাহন চালকরা। জানা যায়, সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার প্রায় তিন চতুর্থাংশ পুরোপুরি বন্ধ করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, যার কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ বাজার পরিচালিত হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী মানুষসহ জরুরি সেবার গাড়িও আটকে পড়ছে এই অচলাবস্থায়। প্রতিদিনই বাড়ছে ক্ষোভ, কিন্তু মিলছে না সমাধান।
একজন ভুক্তভোগী পথচারী জানান, “রাস্তা দিয়ে হাঁটার কোনো জায়গা থাকে না। মাছের পানি ও বর্জ্যে রাস্তা নোংরা হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে।”
অন্যদিকে বিক্রেতারা বলছেন, নির্দিষ্ট বাজারে জায়গা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় বসছেন। তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত এই সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
শহরের শৃঙ্খলা ও জনসাধারণের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় এই অব্যবস্থাপনা নগর জীবনে আরও বড়ো সংকট তৈরি করতে পারে