
মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় দিনদুপুরে মো. ইমরুল (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা ভাজা আলা গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহত ইমরুল ওই এলাকার কামাল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ এলাকায় অবস্থানের সময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ইমরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে, জনাকীর্ণ এলাকায় দিনদুপুরে এমন গুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার সঙ্গে জড়িত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।