গোপালগঞ্জের ওড়াকান্দিতে বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত।

বাধন দত্ত, অনুসন্ধানী প্রতিবেদক :

গোপালগঞ্জের ওড়াকান্দিতে বারুনী স্নান ও মেলা অনুষ্ঠিত।
হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতিবছরের ন্যায়, এবারও ওড়াকান্দি অনুষ্ঠিত হচ্ছে মহা বারুনী স্নান ও ৩ দিনব্যাপী বারুনী মেলা।
আজ সোমবার (১৬ মার্চ) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে, মহা বারুনী স্নান ও ৩ দিনব্যাপী বারুনী মেলা। হিন্দু ধর্মের মতুয়া সম্প্রদায়ের অনুসারীরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের দল নিয়ে ওড়াকান্দির কামনা সাগর নামক একটি পবিত্র পুকুরে তীর্থ স্নান করেন।
প্রতিবছর অনুষ্ঠিত এই উৎসব মতুয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব হিসেবে বিবেচিত হয়। হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরকে মতুয়া সম্প্রদায়ের মানুষ অবতার হিসেবে বিশ্বাস করেন। তাদের বিশ্বাস, কামনা সাগরে স্নানের মধ্য দিয়ে অবতারের আশীর্বাদের প্রাপ্তি ঘটবে এবং সুন্দর, গোছানো, বিপদমুক্ত জীবন লাভ হবে। হরিচাঁদ ঠাকুর বংশধর খোকন ঠাকুর এবছরের বারুনী স্নান ও মেলার দায়িত্বে নিয়োজিত আছেন।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মেলা ও মেলায় আগত ভক্তবৃন্দের সার্বিক তদারকিতে রয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশের একটি দল। মেলার সার্বিক পরিবেশ রক্ষণাবেক্ষণে নিয়োজিত উক্ত এলাকার সাধারণ সেচ্ছাসেবকগণ।