
মাহাফুজুর রহমান, জেলা ব্যুরো চিফ ঝালকাঠি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে সকল ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জেলার ২৩৭টি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনের ৯০টি এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের ১৩৭টি কেন্দ্রেও সরঞ্জাম পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মোমিন উদ্দিন গণমাধ্যমে, ঝালকাঠি জেলার দুটি আসনে মোট ২৩৭টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোট কক্ষ ১ হাজার ৩৩৫টি। এরমধ্যে ১ হাজার ২৪৯টি স্থায়ী এবং ৮৬টি অস্থায়ী। জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬ জন। এরমধ্যে পুরুষ ৩ লাখ ১ হাজার ৮৭৭ জন, নারী ২ লাখ ৯১ হাজার ৯৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। তিনি আরো বলেন, জেলার দুই আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসিটিভি স্থাপন এবং সরঞ্জাম বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত দিনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
নির্বাচন কমিশন জেলার ১৩৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এরমধ্যে ৮৩টি গুরুত্বপূর্ণ ও ৫০টি অধিকতর গুরুত্বপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ২৩৭টি কেন্দ্রের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবিসহ মোট ৪ হাজার ৫৭৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ও নৌবাহিনী টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে।