
মো: আল মাসুম খান,খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, কথিত মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র মূলক মামলা থেকে জননেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আপিল বিভাগের রায়ে প্রমাণ হয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার কোন অপরাধ নয়, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ জাতীয় নেতৃবৃন্দদের বিচারের নামে ফরমায়েশি রায়ের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করছে। জননেতা এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাসের মাধ্যমে একদিকে জাতি একজন পরীক্ষিত নেতাকে পেয়েছে, আর আমরা এক জীবন্ত শহিদকে ফিরে পেয়েছি। মূলত জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য বিনা অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার ৩০ মে দুপুরে খুলনা মহানগরী জামায়াতে ইসলামির উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এ্যাডভোকেট শেখ জাহাঙ্গির হুসাইন হেলাল, তারবিয়াত সেক্রেটারি মাওলানা শেখ মো: অলি উল্লাহ, খুলনা সদর থানা আমির মো: হাফিজুর রহমান, ওয়ার্ড আমির সিরাজ বিন ইয়াকুব প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা মহানগরের আমির আরও বলেন, আমাদের নেতৃবৃন্দের একমাত্র অপরাধ তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় প্রশংসিত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করার অপরাধে তাদের এই জুলুমের শিকার হতে হয়েছে, মহান আল্লাহ্ তার এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশের এই জমিনকে আল্লাহর দ্বিনের জন্য কবুল করুন। এ্যাডভোকেট শেখ জাহাঙ্গির হুসাইন হেলাল বলেন, এটিএম আজহারুল ইসলাম আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তাই দেশবিরোধী আধিপত্যবাদীদের দোসরা তার উপর সীমাহীন জুলুম নির্যাতন চালিয়েছে। দীর্ঘ ১৪ বছর পরে আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি আবার মুক্ত বাতাসে ফিরে আসতে পেরেছেন। কিন্তু এই সময়ের মধ্যে তিনি হারিয়েছেন তার স্ত্রী এবং তার দীর্ঘ পথ চলার সঙ্গীদেরকে। আওয়ামী দুঃশাসনের সময় মিথ্যা অভিযোগে তার সহযোদ্ধা বৃন্দ যাদেরকে ফাঁসির মঞ্চে তুলে অন্যায়ভাবে হত্যা করেছে মহান আল্লাহ্ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন।