খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে মেলার উদ্বোধন।

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনাকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে মেলার উদ্বোধন।
খুলনা মহানগরীকে স্বাস্থ্যকর শহরে পরিণত করার লক্ষ্যে আজ শনিবার ৩ মে সকালে মহানগরীর শহিদ হাদিস পার্কে দিনব্যাপী হেলথি সিটি মেলা (হেলথ অ্যান্ড ওয়েলনেস ফেয়ার) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যসেবা খুলনাবাসীকে স্বাস্থ্য সচেতন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে প্রথমে প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন। বেশি করে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যারা এই উদ্যোগটি নিয়েছেন তারাই প্রশংসার দাবি রাখে। মেলার স্টল সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার। এ সময়ে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে ম্যারাথন রান উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো: মনজুর আলম। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো: রেজওয়ানুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগরের শহিদ হাদিস পার্ক থেকে ম্যারাথন রান শুরু হয়ে রূপসা পিটিআই মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। হেলথি সিটি আওয়ারনেস হিসেবে ৭.৫ কিলোমিটার রান অনুষ্ঠিত হয়। এতে নগরীতে বসবাসকারী বিভিন্ন শ্রেণি পেশার এক শ ৫০জন অংশ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা সিয়াম, এনসিডিসি, বিসিসিপি ও খুলনা সিটি কর্পোরেশন যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।