সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনায় চিকিৎসা সেবা বন্ধ

।মো: আল মাসুম খান,ব্যুরো চিফ , খুলনা :

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনায় চিকিৎসা সেবা বন্ধ
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর চিকিৎসা সেবা পেতে দেরি হওয়ায় রোগীর স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আজ শনিবার ৩ মে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সেবা বন্ধ ঘোষণায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন জেলার বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। এ ঘটনায় পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন সদর হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালে হামলার এই ঘটনা জানার পর প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়, আজ শনিবার ৩ মে সকালে শাহিনুর নামের এক রোগী সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ইনডোরে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা ফের জরুরি বিভাগে ফিরে এসে কর্তব্যরত স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের ওপর হামলা চালিয়ে জরুরি বিভাগ ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককেও মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাৎক্ষণিক কতিপয় লোকদের হামলার সময় সদর হাসপাতালের হাসপাতালে আগত চিকিৎসাধীন রোগী, চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগে সকল ধরনের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সদর হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: ফয়সাল আহমেদ বলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে জরুরি বিভাগে সেবা দেওয়ার মতো পরিবেশ নেই। সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিক গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, আমি রোগীর সাথে ছিলাম কারা ভাঙচুর করেছে আমি জানি না। হাসপাতালে জরুরি বিভাগ ভাঙচুরের সময় আমি সেখানে ছিলাম না।