খুলনায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ আটক ৮ সন্ত্রাসী

মো. আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ আটক-৮
খুলনার রূপসা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ৫টি দেশীয় তৈরিকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ জুনায়েদ ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সেনাবাহিনীর একটি চৌকস টিমের নেতৃত্বে যৌথবাহিনী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে।
অভিযানে আটককৃতরা হলেন রূপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মোঃ জাহিদুজ্জামান (৪৮), মোঃ জোনায়েদ (৫৫) ও মোঃ মোশারফ হোসেন (৪২); মোঃ জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মোঃ মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬); মৃত মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা (৪০)। যৌথ বাহিনীর এই অভিযানে সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ দেশীয় তৈরি পিস্তল ১টা, দেশীয় তৈরি পাইপগান ৪টা, দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ১টা, ছোট আকৃতির চাকু ১টি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।
সন্ত্রাসীদের আটক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই তথ্য নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অস্ত্র উদ্ধার এবং জব্দ করে থানায় এজাহার ও জব্দ তালিকা প্রস্তুতসহ মামলার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।