খুলনা আঃ লীগের সহ সভাপতি রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার।

মো. আল মাসুম খান,ব্যুরো চিফ,খুলনা :

খুলনা আঃ লীগের সহ সভাপতি রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার।খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম মুজিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ২ এর বিচারক মো. আল আমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার তাকে নগরীর ময়লাপোতা এলাকা থেকে বিশেষ এক অভিযানে গ্রেফতার করে। পরবর্তীতে বুধবার বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, মঙ্গলবার গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলছিল সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা মোড়স্থ সিটি মেডিকেল কলেজের সামনে। এ সময়ে আওয়ামী লীগের ওই নেতা সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় গোয়েন্দা পুলিশ তাকে আটক করে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়। সেখানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপলিকেশন তল্লাশি করে। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের দেওয়া তথ্য উপাত্ত থেকে জানা গেছে, মুজিবুর রহমান বাংলাদেশে অবস্থান করে বিগত ফ্যাসিস্ট সরকারের দেশে বিদেশে পালিয়ে থাকা সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শীর্ষ স্থানীয় নেতা শেখ হেলাল, শেখ জুয়েল, এস এম কামাল, এড. পারভেজ আলম খান, কাজী আমিনুল হক, ঠিকাদার আশরাফ, যুবলীগের জামাল, ঠিকাদার জাকির, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনের সাথে মোবাইলে বিভিন্ন নামে হোয়্যাটস আ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে গোপন আইডি খুলে তাদের সাথে যোগাযোগ করছেন। তাদের দেওয়া নির্দেশনা মোতাবেক সরকারকে উৎখাত এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর নীলনকশা বাস্তবায়নের ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এছাড়া তিনি মোবাইল ফোনের মাধ্যমে খুলনাসহ সারা দেশে বর্তমান সরকার বিরোধী মিছিল মিটিং করানোর উসকানিদাতা এবং অর্থদাতা। তার মদদে পতিত সরকারের দোসর কতিপয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সন্ত্রাসী এবং কিশোর গ্যাং নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সরকার বিরোধী প্রচারণায় লিপ্ত রয়েছে। যা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এম এম মুজিবুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। আটকের পরে তার মোবাইল তল্লাশির মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়েছি। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার জন্য আমরা খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রানলয়ে আবেদন করেছি। আবেদন মঞ্জুর হলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।