খুলনায় ডিবি ও ছাত্র পরিচয়ে চাঁদাবাজি, আটক-৪

মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনায় ডিবি ও ছাত্র পরিচয়ে চাঁদাবাজি, আটক-৪।
খুলনা মহানগরীতে ডিবি পুলিশ ও ছাত্র সমন্বায়ক পরিচয়ে চাঁদাবাজির সময়ে ৪ জনকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদেরকে বয়রা আজিজের মোড় এলাকার পুলিশের অবসরপ্রাপ্ত পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আটককৃত ৪ জন খুলনা সদর থানা এলাকার বাগমার মো: আব্দুল হামিদ সরদারের ছেলে মো: মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার জনৈক আব্দুর সামাদ গাইনের ছেলে মো: ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জনৈক কামরুল ইসলামের ছেলে মো: সালাউদ্দিন এবং শেরে বাংলা আমতলা এলাকার জনৈক ইউসুফ আলীর ছেলে রিফাত পারভেজ রাফি। কেএমপি এর সোনাডাঙ্গা মডেল থানার এস আই আব্দুল হাই বলেন, পুলিশের অবসরপ্রাপ্ত পরিদর্শক মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সুমন অনলাইনে জুয়ার ব্যবসা করেন। এমন সংবাদের ভিত্তিতে আটক হওয়া উল্লিখিত ব্যক্তিরা বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই বাড়িতে গিয়ে হানা দেয়। এ সময়ে তারা ডিবি পরিচয় দিয়ে সুমনের কাছে ২ লাখ টাকা দাবি করে। তাদের দাবিকৃত টাকা পরিশোধ না করলে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। এ সংবাদ ওই এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ৪ জনকে আটক করে। পরবর্তীতে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ৪ জনকে আটক করে সোনাডাঙ্গা থানায় নিয়ে আসেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, রাত সাড়ে ৮ টার দিকে আমরা জানতে পারি ডিবি পরিচয়ে ৪ জন বয়রা আজিজের মোড় এলাকার একটি বাড়িতে চাঁদা দাবি করে। তারা বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরবর্তীতে তারা ভাড়াটিয়া সুমনের কাছে আরও ২ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় তাদের মারপিট করে তারা। এ সময়ে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় মানুষ জড়ো হয়ে তাদের আটক করে সোনাডাঙ্গা পুলিশ কে খবর দেয়। তারা নিজেদের বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিতে থাকে। একসময়ে নিজেদের সমন্বায়ক পরিচয় দেয়। তাদের পরিচয় শনাক্ত হওয়ার পরে থানায় নেওয়া হয়। ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।