সুন্দরবন টাইগার্স নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ।

এমডি, আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

সুন্দরবন টাইগার্স নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ।
সুন্দরবন টাইগার্স নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ।

তারুণ্যের উৎসব উপলক্ষে খুলনার তীব্র খরস্রোতা রূপসা নদীতে প্রতি বছরের ন্যায় এবারও নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনা মহানগরীর ১ নং কাস্টম ঘাট থেকে রূপসা ব্রিজ পর্যন্ত অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ। নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খুলনা জেলার কয়রার সুন্দরবন টাইগার্স নামক নৌকা বাইচ দল, দ্বিতীয় ও তৃতীয় হয় জয় মা কালী ও মোবাইল নামের নৌকা বাইচের দল। প্রথম স্থান অর্জনকারী দলকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। ঐতিহ্যবাহী রূপসা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব বলেন, নৌকা বাইচ গ্রাম বাংলার একটি ঐতিহ্য। এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটি হচ্ছে তারুণ্যের উৎসবের অংশ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলের প্রচেষ্টায় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদ্‌যাপন করছি। আমরা চাচ্ছি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে বাংলাদেশটাকে সাজাতে, যেখানে সহযোগিতার নীতি প্রচার করা হবে। একে অপরের কাজে আমরা সহযোগিতা করবো এবং তারুণ্যের শক্তিকে প্রকাশ ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবো। এ সময় নৌকা বাইচের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, আপনারা যারা নৌকা বাইচে অংশ গ্রহণ করবেন, আপনাদের সুশৃঙ্খল অংশ গ্রহণের মাধ্যমে আজকের এই উৎসবটি আরও সুন্দর হয়ে উঠবে। বিভাগীয় কমিশনার খুলনা মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে নৌকা বাইচ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আক্তার জাহান, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ও জেলা প্রশাসক খুলনা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা।