
এমডি আল মাসুৃম খান, ব্যুরো চিফ, খুলনা :

বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। সুরাইয়া শারমিন দৃষ্টি (৩৩) হত্যার অভিযোগে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেল ৫টায় প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর। হত্যাকাণ্ডে
গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল এলাকার সাইদুর রহমান (৩৫), ফকিরহাট জয়পুর এলাকার মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়ন (৩২) ও মাহিন্দ্রা চালক শহিদুর রহমান (৪৫)। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, নড়াইল জেলা সদর উপজেলার আলাদাতপুর এলাকার মৃত আব্দুল করিম মোল্লার মেয়ে নিহত সুরাইয়া শারমিন দৃষ্টির সাথে গ্রেপ্তারকৃত আসামি সাইদুর রহমনের দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ৩১ জানুয়ারি দৃষ্টি তার পূর্বের স্বামীকে ছেড়ে সাইদুর রহমানকে বিয়ে করার জন্য বান্ধবীর স্বামী মাহিন্দ্রা চালক আজিজুর রহমান নয়নের বাড়ী বাগেরহাটের ফকিরহাটে আসেন। একই সময় প্রেমিক সাইদুর রহমানও একই স্থানে আসেন। ওইদিন রাত ১১টার দিকে ওই বাড়িতেই সুরাইয়া শারমিন দৃষ্টিকে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন সাইদুর রহমান নিজেই। পরে আজিজুর রহমান নয়ন ও অপর এক সহযোগি মাহিন্দ্রা চালক শহিদুর রহমান তিনজন মিলে পার্শ্ববর্তী জয়পুরের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের বাড়ির পুকুরে ইট বেঁধে তার মরদেহ ফেলে দেয়। তিনি আরো জানান, গত মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুুকুর থেকে শরীরে ইট বাঁধা ও গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সুরাইয়া শারমিন দৃষ্টির মরদেহ উদ্ধার করে। নিহতের মা সবেজান বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং-৩। আসামিরা হত্যার ঘটনা স্বীকার করেছেন বলে জানান। উল্লেখ প্রধান আসামি সাইদুর রহমানকে নড়াইল এলাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আনার জন্য ফকিরহাট থানা পুলিশ সেখানে পৌঁছেছেন। আলোচিত এই হত্যাকাণ্ডের অভিযুক্ত খুনিদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।