
এজেড. আমিনুজ্জামান রিপন :

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিতে আসা এক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরবর্তীতে ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় ওমর শরীফ নামে এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরের পর বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত রয়েছে।
বশেমুরবিপ্রবি’র আরেক সমন্বয়ক জসিমউদ্দীন সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরীফুল ইসলাম সোহাগ আজ পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এমন সময় আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়ার সময় সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালায়। এসময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর শরীফ আহত হয়। এসময় ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা সাংবাদিকদের উপরও চড়াও হয়।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা জানিয়েছে, ছাত্রলীগ নেতা সোহাগ পরীক্ষা শেষে বের হচ্ছিলেন। এসময় সমন্বয়ক ওমর শরীফসহ কয়েকজন তাকে আটক করে কথা বলছিলেন। এসময় সোহাগ ও তার বিভাগের কয়েক শিক্ষার্থীসহ সাবেক ছাত্রলীগের কয়েকজন মিলে ওমর শরীফের উপর হামলা চালায়। এরপর আরও কয়েকবার ছাত্রলীগ ও সমন্বয়কদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বশেমুরবিপ্রবি’র প্রক্টর আরিফুজ্জামান রাজিব জানিয়েছেন, ছুটির দিনে তিনি বাড়িতে ছিলেন। শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোনে তিনি ঘটনা শুনেছেন। রাত ৮টার দিকে দু’পক্ষকে ডাকা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, ছাত্রদের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বিশ্ববিদ্যালয়-ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেনি। সেখানকার পরিস্থিতি এখন শান্ত।