গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ।

মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিবেদক :

গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ।

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান মোল্লার পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মিছিল নিয়ে বিক্ষুব্ধ লোকজন সেলিমুজ্জামান মোল্লার পৈতৃক বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে বাড়িটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের পর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় গ্রেপ্তার ও হয়রানির ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ওই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।