
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে বিএনপির ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মিছিল শেষে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ফয়সাল হোসেন। বক্তব্যে তিনি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন বলে জানা যায়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত রুস্তুম আলী বিশ্বাসের নাতি এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য ফয়সাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলেে আওয়ামী লীগ নেতা তৌহিদুল, কারাবরণকারী সাবেক ছাত্রলীগ নেতা আমির খান এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় বিএনপির ব্যানার ও ফেস্টুন ভেঙে ফেলার অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভ মিছিল ও বিএনপির ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে পুলিশ বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।