
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিবেদক :

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাঁকে স্বপদে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সাধারণ নেতাকর্মীরা। তাঁদের দাবি, পদ স্থগিত থাকলেও দলীয় কর্মসূচি, সামাজিক ও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁর সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতাও করছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক নির্দেশনায় কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে পদ স্থগিতের পরও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন মতিউর রহমান হাওলাদার। গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি পালন করেন তিনি। এ ছাড়া গত ১১ নভেম্বর কুয়াকাটায় অটোরিকশাচালকদের সঙ্গে আয়োজিত একটি কর্মসূচিতেও তাঁকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দলীয় পদ স্থগিত থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি। নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকা, তাঁদের খোঁজখবর নেওয়া এবং সাধ্যমতো সহযোগিতা করার মাধ্যমে দলের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রয়েছে।
নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে মতিউর রহমান হাওলাদারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা দলকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে। তাই তাঁর বিরুদ্ধে নেওয়া স্থগিতাদেশ পুনর্বিবেচনা করে প্রত্যাহার করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলের সাংগঠনিক ঐক্য ও শক্তি সুদৃঢ় করতে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ত রাখা জরুরি। ব্যক্তিগত বা সাংগঠনিক দূরত্ব নয়, বরং পারস্পরিক সমন্বয় ও ঐক্যের মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে।
এ অবস্থায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতাদের প্রতি মানবিক ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারের স্থগিতাদেশ প্রত্যাহার এবং তাঁকে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহালের আহ্বান জানিয়েছেন সাধারণ নেতাকর্মীরা।
সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা, জেলা বিএনপি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তাঁদের মতে, মতিউর রহমান হাওলাদারকে স্বপদে ফিরিয়ে দেওয়া হলে কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত নির্দেশনায় আলহাজ্ব মতিউর রহমান হাওলাদারের দলীয় পদ স্থগিত করা হয়েছিল।