
নিজস্ব প্রতিবেদক, মো. ফয়সাল মোল্লা :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্বশত্রুতার জেরে তরিকুল চৌধুরী (৪৪) নামে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তরিকুল চৌধুরী কোটালীপাড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তুহিন চৌধুরী (৪৮), মহিবুল্লাহ সিকদার (২৫), নাহিদ চৌধুরী (৩৮), মহিদুজ্জামান মঞ্জু শেখ (৫৫) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করেন। জানা যায়, অভিযুক্তদের সবার বাড়ি কুশলা এলাকায়।
এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে তরিকুল চৌধুরীর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১ নভেম্বর বিকেল ৫টার দিকে কুশলা চৌধুরীপাড়ার নিজ বাড়ি থেকে কবরস্থানসংলগ্ন বাচ্চু চৌধুরীর চায়ের দোকানে যাওয়ার পথে তিনি মুকুল চৌধুরীর বাড়ির সামনে ব্রিজে পৌঁছান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া আসামিরা তার পথরোধ করে হামলা চালান । এ সময় তার কাছ থেকে নগদ ১০ হাজার ৬৩০ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
তরিকুলের অভিযোগ, হামলার সময় তুহিন চৌধুরী তাকে লাথি মেরে ব্রিজের ওপর ফেলে দেন। পরে অন্যদের উদ্দেশে তাকে হত্যার নির্দেশ দেওয়া হয়। এরপর মহিবুল্লাহ সিকদার লোহার শাবল দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেন। আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ডান পায়ের হাঁটুর ওপর লাগলে তিনি গুরুতর আহত হন ।
এজাহারে আরও বলা হয়, নাহিদ চৌধুরী লোহার হাতুড়ি দিয়ে একই স্থানে আঘাত করেন। অন্য আসামিরা লাঠিসোঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। একপর্যায়ে মহিবুল্লাহ সিকদার তার পরিহিত লুঙ্গির গাঁটে থাকা নগদ ১০ হাজার ৬৩০ টাকা নিয়ে যান বলেও অভিযোগ করেছেন তরিকুল।
তরিকুলের চিৎকারে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ও সাক্ষীরা তাকে উদ্ধার করে অটোভ্যানে করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করেন
তরিকুল চৌধুরী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে তার ভাই আইয়ুব চৌধুরীর মাধ্যমে এজাহারটি থানায় পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।