সাংবাদিক ও সম্পাদকদের গ্রেফতারে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাব।

বিশেষ প্রতিবেদক :

 সাংবাদিক ও সম্পাদকদের গ্রেফতারে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাব।

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সাংবাদিকদের সুরক্ষা, হয়রানি বন্ধ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ।

সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেফতারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করার জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়।

বুধবার (৪ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত আইনটির খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করার ওপর জোর দেওয়া হয়। আইনটি যাতে সাংবাদিক, সংবাদমাধ্যম কিংবা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে হয়রানি প্রতিরোধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে হবে। মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাবও আলোচনায় আসে। পাশাপাশি সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়ে মতামত দেওয়া হয়।

মানহানির সংজ্ঞা ও শাস্তির ক্ষেত্রে প্রচলিত দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্ব পায়। গুজব ও অপতথ্যের সংজ্ঞা স্পষ্ট ও সুনির্দিষ্ট করার ওপরও জোর দেওয়া হয়, যাতে আইনের অস্পষ্ট কিংবা অতিব্যাপক সংজ্ঞার কারণে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা না থাকে।

এ ছাড়া প্রস্তাবিত আইনে মোবাইল কোর্টের বিধান না রাখা, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে কারণ জানানোর বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে ব্লক করা কনটেন্ট অবমুক্তির আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।

কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখার বিষয়েও সভায় আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য উপস্থাপনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য কাঠামো ও সেখানে গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি জাতিসংঘ, উন্নয়ন সহযোগী সংস্থা এবং মেটার মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে পরামর্শ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়া আইনটি পুনরায় পরিমার্জন করে ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে আলোচনা হয়। জনসাধারণের মতামত গ্রহণের মাধ্যমে আইনটিকে আরও গ্রহণযোগ্য, কার্যকর ও সময়োপযোগী করার বিষয়টিও গুরুত্ব পায়।

সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের গ্রেফতারের আগে আদালতের অনুমতি, লিখিত নোটিশ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখার প্রস্তাবগুলো চূড়ান্ত আইনে অন্তর্ভুক্ত হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের আইনি সুরক্ষার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব বিধান চূড়ান্ত আইনে কীভাবে অন্তর্ভুক্ত হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।