খুলনার নদীতে মিলল দুই যুবকের গুলিবিদ্ধ লাশ, একজনের কপালে অন্যজনের থুতনিতে গুলির চিহ্ন।

মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার নদীতে মিলল দুই যুবকের গুলিবিদ্ধ লাশ, একজনের কপালে অন্যজনের থুতনিতে গুলির চিহ্ন।

খুলনার রূপসা উপজেলায় আঠারোবেকি নদী সংলগ্ন সিংহের চর এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ (৩৫) এবং একই উপজেলার সিংহের চর এলাকার রেজাউল করিম ওরফে আলামিন (৩০)। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানিয়েছেন, সোহাগের কপালে এবং আলামিনের থুতনিতে গুলির চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নদীর তীরবর্তী চরে দুই যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন রূপসা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান গণমাধ্যমকে বলেন, দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার সকালে অন্য কোথাও তাঁদের হত্যা করে লাশ দুটি রূপসা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। জোয়ারের পানিতে ভেসে লাশ দুটি সিংহের চরে এসে আটকে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজন খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির সদস্য। ঘটনার বিস্তারিত অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, কারা এবং কী কারণে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।