টুঙ্গিপাড়ায় নতুন সাজে ৫০ গ্রামপুলিশ, দায়িত্ব পালনে পেলেন ২২ ধরনের উপকরণ।

সাবিনা ইয়াসমিন কনা,টুঙ্গিপাড়া,গোপালগঞ্জ :

টুঙ্গিপাড়ায় নতুন সাজে ৫০ গ্রামপুলিশ, দায়িত্ব পালনে পেলেন ২২ ধরনের উপকরণ

গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৫০ জন গ্রামপুলিশ সদস্যের মাঝে ২২ ধরনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারি বরাদ্দে পাওয়া এসব সরঞ্জাম তাদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও শৃঙ্খলা আনবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গ্রামপুলিশ সদস্যদের হাতে এসব উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় এসব উপকরণ সরবরাহ করা হয়।

বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে ক্যাপ, ব্যাজ, নেমপ্লেট, বেতের লাঠি, বাঁশি, ছাতা, লাইট, সোয়েটার, কটি, জুতা, প্যান্ট-শার্টের দুই সেট, রেইনকোট, দুটি গেঞ্জি, মনোগ্রাম, সাইড ব্যাগ, চামড়ার বেল্ট, ট্রাউজারসহ দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

উপকরণ বিতরণকালে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, গ্রামপুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রামীণ জনপদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সুবিধার্থে সরকার এসব প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করেছে। এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে গ্রামপুলিশ সদস্যরা আরও সুন্দর, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়ে গ্রামপুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে উৎসাহ এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।