
সাবিনা ইয়াসমিন কণা, (গোপালগঞ্জ) টুঙ্গিপাড়া :

প্রশিক্ষণ নিয়ে সফল হওয়ার আহ্বান ইউএনওর, টুঙ্গিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রাকিব জোবায়ের এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮ থেকে ৩৫ বছরে প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষ দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। ইউএনও বেকার যুবকদেরকে প্রশিক্ষণ নিয়ে সফল হওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন বলেন, টুঙ্গিপাড়ার সাধারণ মানুষ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন—এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে সফল হওয়া যুব উদ্যোক্তারা নিজেদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।