
মোঃ আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আশিক বাহিনীর শুটার জনি (২২) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সিপিসি স্পেশাল কোম্পানি। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত জনি (২২) খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জনির অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্বতথ্য যাচাই করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যা চেষ্টাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতার কৃত জনির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।