মৌসুমের প্রথম দিনেই ঘূর্ণিঝড় অর্ণবের কবলে দুবলার চরের ৭ হাজার শুঁটকি জেলে, দ্রুত নিরাপদ আশ্রয়ে। 

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক :

মৌসুমের প্রথম দিনেই ঘূর্ণিঝড় অর্ণবের কবলে দুবলার চরের ৭ হাজার শুঁটকি জেলে, দ্রুত নিরাপদ আশ্রয়ে। 

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে চরম দুর্ভোগে পড়েছেন দুবলার চরের প্রায় সাত হাজার শুঁটকি জেলে। শুঁটকি মৌসুমের শুরুতেই বঙ্গোপসাগর তীরবর্তী দুবলার চরের আলোরকোলে শুক্রবার সকালে পৌঁছে বৈরী আবহাওয়ার মুখে পড়েন তাঁরা। সাগরে মাছ ধরতে না পেরে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিতে ছুটেছেন জেলেরা।

বন বিভাগের শরণখোলা রেঞ্জের অধীন দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান শুক্রবার বিকেলে মুঠোফোনে জানান, শুঁটকি মৌসুমের প্রথম দিন শুক্রবার সকালে আনুমানিক সাত হাজার জেলে দুবলার চরে সমবেত হন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মৌসুমের প্রথম দিনেই বড় ধরনের ধাক্কা খেয়েছেন তাঁরা। আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারেননি।

তিনি জানান, আলোরকোল, মাঝেরকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচর—এই চারটি চর নিয়ে দুবলার চর গঠিত। প্রতিবছর পটুয়াখালী, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ১০ সহস্রাধিক জেলে এসব চরে অস্থায়ী আবাস গড়ে সাগরে মাছ ধরেন এবং সেই মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করেন। পরে জেলে ও মহাজনেরা এসব শুঁটকি মাছ খুলনা, সৈয়দপুর, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করেন।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, এবারের শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের কবলে পড়েছেন জেলেরা। বৃহস্পতিবার মধ্যরাতে রওনা হয়ে জেলেদের বহর শুক্রবার সকালে দুবলার আলোরকোল, মাঝেরকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচরে পৌঁছায়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চরে নেমে অস্থায়ী থাকার ঘর ও মাছ সংরক্ষণের গোলা তৈরি করতে পারেননি তাঁরা। বাধ্য হয়ে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের ছোট ছোট খালে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছেন।

কামাল উদ্দিন আহমেদ আরও জানান, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সাগরে বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো বাতাস ও উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। এতে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৌসুমের শুরুতেই এমন দুর্যোগে পড়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন দুবলার চরের শুঁটকি জেলেরা।