
এ জেড আমিনুজ্জামান রিপন :

সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য এবং শারীরিকভাবে নির্যাতনের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর সভাপতি সোহেল আহমেদ। তিনি এ ধরনের বক্তব্যকে স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের মর্যাদা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি এনায়েত উল্লা নামের এক ব্যক্তি প্রকাশ্য বাক্যালাপে সাংবাদিকদের ‘কুত্তা’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে তাঁদের ‘কুত্তার মতো পিটানো’ উচিত বলেও মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। তাঁর এমন বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের প্রতি এ ধরনের ভাষার ব্যবহার ও শারীরিক হামলার হুমকির নিন্দা জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে বিএমইউজে সভাপতি সোহেল আহমেদ বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের এভাবে অসম্মান করা এবং সরাসরি শারীরিক হামলার হুমকি দেওয়া কেবল অসভ্যতাই নয়, বরং মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করার এক অপচেষ্টা।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে জনস্বার্থে দায়িত্ব পালন করেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনের কারণে অপমান, হুমকি কিংবা শারীরিক হামলার আশঙ্কার মুখে পড়তে হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। সাংবাদিকদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং তাঁদের নিরাপত্তা রক্ষা করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
বিবৃতিতে সোহেল আহমেদ এনায়েত উল্লার কথিত আপত্তিকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

সাংবাদিকদের প্রতি অবমাননাকর ভাষার ব্যবহার ও সহিংসতার হুমকির বিষয়ে সংশ্লিষ্ট মহলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।