
মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনার তেরখাদা উপজেলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মধুপুর শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
বর্তমানে ভুক্তভোগী নারী চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক এই ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার উদ্দেশ্যে তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত জেলেরা তাঁকে নদী পার করে দেওয়ার কথা বলে তাদের নৌকায় ওঠান। কিন্তু গন্তব্যে না নিয়ে জেলেরা তাঁকে উপজেলার মধুপুর শ্যামনগর এলাকার পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। এরপর দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে তেরখাদা থানা পুলিশ।