মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা।

মো. হেদায়েত মোল্লা, স্টাফ রিপোর্টার :

মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন মোল্লা। মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী উদ্যোগের মাধ্যমে কুশলী ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুশলী ইউনিয়নের চারটি সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কমিটির সভাপতিদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

মুক্তার হোসেন মোল্লার নেতৃত্বে খালেক বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে মন্দির পরিদর্শন কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে দক্ষিণ বাঁশুড়িয়া সার্বজনীন দুর্গামন্দির, দ্বিতীয় চর কুশলী পূর্বপাড়া বিশ্বাসবাড়ি সার্বজনীন দুর্গামন্দির, চর কুশলী সার্বজনীন দুর্গামন্দির এবং কুশলী দক্ষিণপাড়ার বাবু আদিত্য বিশ্বাসবাড়ি মন্দির পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শনকালে বক্তব্যে মুক্তার হোসেন মোল্লা বলেন, রাজনীতি করার মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে কুশলী ইউনিয়নকে মাদকমুক্ত, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। মাদকের বিস্তার রোধ, স্থানীয় সামাজিক সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের পাশে থাকাকে তিনি অগ্রাধিকার দিতে চান।

তিনি বলেন, “আমি শুধু নির্বাচন করার উদ্দেশ্যে আপনাদের কাছে আসিনি, আপনাদের আশীর্বাদ ও দোয়া নিতে এসেছি। জনগণ আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করলে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আর নির্বাচিত না হলেও সব সময় জনগণের পাশে থাকব।”

স্থানীয় উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের বিষয়ে তিনি আরও বলেন, মন্দির ও হিন্দু সম্প্রদায়ের প্রয়োজনীয় সমস্যাগুলো সংসদ সদস্য এস এম জিলানীকে অবহিত করে সমাধানের উদ্যোগ নেবেন। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, মন্দির পরিদর্শন ও মোটরসাইকেল শোভাযাত্রাকে ঘিরে কুশলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজনকে তাঁকে ঘিরে ‘আগামীর চেয়ারম্যান, মুক্তার ভাই’ স্লোগান দিতেও দেখা যায়।

মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে লড়তে চান মুক্তার হোসেন মোল্লা।

 

স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে মুক্তার হোসেন মোল্লা তাঁর রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তবে তাঁর নির্বাচনী অংশগ্রহণ চূড়ান্ত হবে কি না, তা নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্বাচনী পরিস্থিতির ওপর।